নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতি হওয়া ৪৪ বস্তা চিনি, একটি ট্রাক এবং অন্যান্য মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ডাকাতচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে
শনিবার (১১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন ঢাকার কদমতলী এলাকার আবুল হাশেমের ছেলে সুমন, নরসিংদীর রায়পুরা উপজেলার মৃত শহিদুল ইসলামের ছেলে ওমর ফারুক এবং পটুয়াখালীর দুমকি উপজেলার মৃত মান্নান মিয়ার ছেলে শহীদ মীর।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, গত ২ জুলাই উপজেলার গোলাকান্দাইল এলাকায় এশিয়ান হাইওয়ে থেকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ৩২০ বস্তা চিনি বোঝাই একটি ট্রাক ছিনিয়ে নেয় ডাকাতচক্র।
তিনি আরও জানান, পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে গোলাকান্দাইল এলাকা থেকে ডাকাতির ৪৪ বস্তা চিনি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক এবং ডাকাতচক্রের তিন সদস্যকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



