নারায়ণগঞ্জ ।
,

বন্দরে উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের  দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে ঘনবসতি এলাকার  উপর দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন (৩৩ কেভি) বিদ্যুতের হাই ভোল্টেজ লাইন স্থাপনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


উচ্চক্ষমতাসম্পন্ন  লাইনটি মাটির নিচে স্থাপনের দাবিতে শুক্রবার (১০ জুলাই) সকালে এলাকাবাসী কর্তৃক আয়োজিত  নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের  বন্দরের ২৪ নং ওয়ার্ডের আমিরাবাদ এলাকায় এ  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাজ সেবক মোঃ শাহিনের সভাপতিত্বে  অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন আবদুল হামিদ, খাজা আহমেদ,  আমির হোসেন,মোঃ শামসুদ্দিন, মো. ইব্রাহিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


বিক্ষোভকারীরা ঘনবসতিপূর্ণ এলাকার ওপর দিয়ে হাই ভোল্টেজ লাইন নেওয়ার সিদ্ধান্তকে ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানান।


বক্তারা বলেন, আকিজ এসেনসিয়াল ফুড লিমিটেড এই ঘনবসতিপূর্ণ এলাকার ওপর দিয়ে ৩৩ কেভির হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ করছে। এই লাইন চালু হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ও প্রাণহানির আশঙ্কা রয়েছে। আমরা কোনোভাবেই আমাদের পরিবার ও সন্তানদের জীবন এভাবে ঝুঁকির মধ্যে ফেলতে দেব না।


সভায় বক্তারা আকিজ এসেনসিয়াল ফুড কর্তৃপক্ষ এবং বিদ্যুৎ বিভাগের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, জনস্বার্থ এবং নিরাপত্তার কথা বিবেচনা করে এই হাই ভোল্টেজ লাইনটি অবশ্যই মাটির নিচ দিয়ে নিয়ে যেতে হবে। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।


মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল আমিরাবাদ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >