নারায়ণগঞ্জ ।
,

মসজিদের খাদেম নিহত পৌরসভার ট্রাকচাপায়

গাইবান্ধায় পৌরসভার ময়লাবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মাসুদুর রহমান মাসুদ (২৯) নামে মসজিদের এক খাদেম নিহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে শহরের পশ্চিমপাড়া এলাকায় গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদুর রহমান সদর উপজেলা মডেল মসজিদের খাদেম হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে খাদেম মাসুদুর রহমান নিজ বাসা থেকে মোটরসাইকেলযোগে মডেল মসজিদে যাচ্ছিলেন। পশ্চিমপাড়া এলাকার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পৌরসভার একটি দ্রুতগামী বর্জ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পৌরসভার নিজস্ব যানবাহন হওয়া সত্ত্বেও দুর্ঘটনার পর চালক কীভাবে গাড়ি নিয়ে পালিয়ে যেতে পারল, তা নিয়ে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। চালকদের জবাবদিহিতা ও ফিটনেস নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে বলে দাবি সচেতন মহলের। এ ঘটনায় পৌরসভার নজরদারি ও শহরের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

পৌরসভার বাসিন্দা বাদশা মিয়ার অভিযোগ, শহরের সরু ও ঘনবসতিপূর্ণ সড়কে পৌরসভার ময়লার গাড়ি এবং বালুবাহী ড্রাম ট্রাক প্রায় সময় নির্দিষ্ট গতি উপেক্ষা করে বেপরোয়াভাবে চলাফেরা করে। এতে আমাদের চলাচল করতে সমস্যা হয়। এসব ট্রাক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।

প্রত্যক্ষদর্শী এক চালক হাবিবুর রহমন হাবীব বলেন, শুধু এই পৌরসভার গাড়িই নয়, অনেক ফিটনেসবিহীন গাড়ি শহরের রাস্তায় প্রকাশ্যে চলে। তবে পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। তিনি বলেন, পৌরসভার ময়লাবাহী ট্রাক দ্রুত গতিতে যাওয়ার কথা না, তবে এই চালক দ্রুত গতিতে চালিয়েছে। বেপরোয়া গতিতে চালানোর কারণে এই খাদেমের মৃত্যু হয়েছে।

চালক আরও বলেন, তাকে আমি চিনি, সে একটি ঔষধের দোকানে চাকরিও করতো। খুব কষ্ট পেয়েছি, সে আজ জুম্মার নামাজটিও আদায় করতে পারল না। আমি ওই চালকের শাস্তি চাই।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্ত শেষে দোষী চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >