নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক থেকে তোষকে মোড়ানো অবস্থায় মোতালেব হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মোতালেব হোসেন লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার শিবপুর গ্রামের মৃত ছলেমান মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জের জামতলা এলাকার সাজেদা মঞ্জিলে শ্বশুরবাড়িতে বসবাস করতেন এবং মাসদাইর বাজারে ‘সুমাইয়া টেলিকম অ্যান্ড বুক’ নামে একটি ফ্লেক্সিলোড ও মোবাইল সেবাকেন্দ্রের মালিক ছিলেন।
নিহতের শ্যালক অবসরপ্রাপ্ত সার্জেন্ট এমডি কামাল জানান, গত ১ জুলাই সকাল ৮টার দিকে মোতালেব হোসেন বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর রাতে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তোষকে মোড়ানো মরদেহ দেখে তিনি মোতালেবকে শনাক্ত করেন।
তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াসিম খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা মোতালেব হোসেনকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করেছে। পরে পরিচয় গোপন ও মরদেহ গুমের উদ্দেশ্যে তোষকে মোড়ানো অবস্থায় সড়কে ফেলে রেখে যায়।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের একাধিক টিম কাজ করছে।








