নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি সচল পিস্তল ও ম্যাগাজিনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার এনায়েতনগর এলাকার মিজি মেনশন সংলগ্ন একটি স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক-এর নেতৃত্বে এসআই মো. মনির হোসেন, এএসআই এস এম ইলিয়াস হোসেন ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।
অভিযানে এনায়েতনগরের ১/২ নম্বর এলাকায় একটি ইটের প্রাচীরবেষ্টিত স্থানে তেঁতুল গাছের শিকড়ের ভেতর থেকে একটি সচল পিস্তল, একটি ম্যাগাজিন এবং একটি কালো রঙের রিয়েলমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. নাজির হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত নাজির হোসেন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বেজগাঁও গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিনের ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।





