নারায়ণগঞ্জ । সোমবার
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন লিওনেল মেসি

বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে একাই তিন গোল করে গড়েছেন একাধিক রেকর্ড। একই সঙ্গে আরও তিনটি বড় রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে রয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬। এর মাধ্যমে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ডের সমান হয়েছেন। অস্ট্রিয়ার বিপক্ষে আরেকটি গোল করলেই ১৭ গোল নিয়ে এককভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে উঠবেন মেসি।

শুধু গোলের রেকর্ডই নয়, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও এখন মেসির সামনে। আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল তার বিশ্বকাপে ১৬তম জয়, যা ক্লোসারের রেকর্ডের সমান। গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জয় পেলে এবং মেসি মাঠে থাকলে তিনি এককভাবে বিশ্বকাপে সবচেয়ে বেশি জয় পাওয়া ফুটবলার হয়ে যাবেন।

আরেকটি রেকর্ড জড়িত দূরপাল্লার গোল নিয়ে। আলজেরিয়ার বিপক্ষে বক্সের বাইরে থেকে করা দুর্দান্ত বাঁ পায়ের শটে এটি ছিল বিশ্বকাপে মেসির পঞ্চম দূরপাল্লার গোল। এই রেকর্ডটি এতদিন ধরে নিজের দখলে রেখেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো রিভেলিনো।

রিভেলিনো ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপে বিভিন্ন দলের বিপক্ষে পাঁচটি দূরপাল্লার গোল করেছিলেন, যা কয়েক দশক ধরে অক্ষত ছিল। এবার সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি।

মেসির এই পাঁচটি দূরপাল্লার গোল এসেছে তিনটি ভিন্ন বিশ্বকাপে—২০১৪ সালে বসনিয়া, ইরান ও নাইজেরিয়ার বিপক্ষে, ২০২২ সালে মেক্সিকো ও অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >