সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট, হেরোইন ও গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ পুরিয়া হেরোইন এবং ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক-এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ জুন ২০২৬ সকাল ৭টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী এম ডব্লিউ স্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান চালিয়ে রুবেল মিয়া (৩২) ও কাউসার হোসেন (৩০) নামে দুই মাদক কারবারিকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
একই দিন সকাল ৯টা ২০ মিনিটে একই এলাকায় আরেকটি অভিযান চালিয়ে আক্তার ওরফে কানা আক্তার (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে দুপুর ৩টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের ১০ নম্বর ওয়ার্ডের চৌধুরীবাড়ী মাঝিপাড়া এলাকায় কুট্টির অফিসের সামনে অভিযান চালিয়ে মো. অজিদ মিয়া (৩৮)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫০ পুরিয়া হেরোইন ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তিনটি নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত রুবেল মিয়ার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পূর্বে তিনটি মাদক মামলা রয়েছে। এছাড়া আক্তার ওরফে কানা আক্তারের বিরুদ্ধে রয়েছে ১৪টি মাদক মামলা।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।







