নারায়ণগঞ্জ । মঙ্গলবার
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাঝ আকাশে বিমানে স্ট্রোক করা সেই প্রবাসী আর নেই

আরব আমিরাতের শারজাহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রাপথে বিমানে স্ট্রোক করে গুরুতর অসুস্থ হওয়া প্রবাসী মোহাম্মদ ইলিয়াস প্রকাশ সুমন (৪০) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ওমানের মাস্কাট রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত সুমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কিপাইতনগর গ্রামের মৃত ইস্কান্দারের ছেলে। তার মৃত্যুর বিষয়টি পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।

জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে করে দেশে ফিরছিলেন ফুজাইরাহপ্রবাসী সুমন। যাত্রাপথে হঠাৎ তিনি স্ট্রোক করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে পাইলট বিমানটি মাঝপথ থেকে ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনেন এবং জরুরি অবতরণ করেন।

পরে তাকে দ্রুত মাস্কাট রয়েল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে টানা চার দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তার মৃত্যু হয়।

সুমনের ভাতিজা আলাউদ্দিন জানান, তিনি আরব আমিরাতের ফুজাইরাহ শহরের একটি দোকানে চাকরি করতেন। দেশে তার স্ত্রী ও পাঁচ বছর বয়সী একটি সন্তান রয়েছে।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >