প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাজেটে মদ, সিগারেট ও বিলাসী পণ্যের ওপর কর বৃদ্ধি করায় বিরোধীদল ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে। তবে নিত্যপ্রয়োজনীয় ৩৭টি পণ্যে কর কমানোর বিষয়টি তারা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছে।
শনিবার (১৩ জুন) কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “বাজেটে মদ-সিগারেট ও বিলাসী পণ্যের ওপর ট্যাক্স বাড়ানোর কারণে বিরোধীদল চরমভাবে নাখোশ হয়েছে। তারা বাজেট প্রত্যাখ্যান করে মিছিল-সমাবেশ করছে। কিন্তু নিত্যপ্রয়োজনীয় ৩৭টি পণ্যে ট্যাক্স কমানো হয়েছে, সে বিষয়টি তারা কোথাও বলছে না। এতে বোঝা যায়, সাধারণ মানুষের স্বার্থ নয়, বিশেষ কিছু শ্রেণির স্বার্থই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “যে বাজেটে কর কমানো হয়েছে, মদের দাম বাড়ানো হয়েছে এবং সিগারেটের দাম বৃদ্ধি করা হয়েছে, সেই বাজেটও বিরোধীদলের পছন্দ নয়। তাদের উদ্দেশ্য এখন পরিষ্কার—দেশে অরাজকতা সৃষ্টি করা।”
বিরোধী দলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের স্বার্থরক্ষায় কাজ করে যাচ্ছে এবং প্রত্যন্ত অঞ্চলের জমিগুলোকে আবাদযোগ্য করে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও স্বনির্ভরতা অর্জনই সরকারের প্রধান লক্ষ্য।
তিনি বলেন, “বিএনপি সাধারণ মানুষের দল। দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে কৃষক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের বিকল্প নেই। দরিদ্র কৃষকদের জন্য কৃষক কার্ডের মাধ্যমে কৃষি সহায়তা নিশ্চিত করা হবে। দেশের মানুষ সরকারের ওপর আস্থা রাখুন।”
পথসভায় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সুবেদার মেজর আবদুল মাবুদের সভাপতিত্বে এবং সদস্যসচিব, সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন জিকুর সঞ্চালনায় বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনসহ স্থানীয় নেতারা।
প্রধানমন্ত্রী বলেন, প্রায় অর্ধশত বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাতলী খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। পরবর্তীতে খালটি নাব্যতা হারানো ও দখলের কারণে কার্যকারিতা কমে যায়। পুনঃখননের ফলে কৃষকরা আবারও আগের মতো চাষাবাদের সুযোগ পাবেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, সারা দেশে ৪০ হাজার মিটার খাল পুনঃখনন করা গেলে কৃষিকাজ আরও সহজ হবে, কৃষক লাভবান হবেন এবং দেশের খাদ্য স্বনির্ভরতা অর্জনে নতুন গতি সঞ্চার হবে।





