মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১২টায় হোসিয়ারী কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর সভাপতি বদিউজ্জামান বদুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা সকল দল মিলে একটি ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলাম। ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন করতে সক্ষম হয়েছিলাম। ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে যেমন আমরা ঐক্যবদ্ধ ছিলাম তেমনি গণতান্ত্রিক সরকার গঠনের ক্ষেত্রেও আমরা অংশিজন হিসেবে কাজ করছি।
আমাদের মৌলিক অধিকারগুলো যদি না থাকে, ব্যবসা-বানিজ্যে নিরাপত্তা না থাকে তাহলে স্বর্ণের খাটে ঘুমালেও শান্তি হবে না।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের অঙ্গিকার রয়েছে একটি ব্যবসা বান্ধব সরকার হিসেবে আত্মপ্রকাশ করা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি অনেক ভেবে চিন্তে এ গার্মেন্টস ব্যবসার দ্বার উন্মোচন করেছিলেন।
সরকারের কাছে ব্যবসায়ীক অনেক পলিসি আপনারা পাবেন। যার মাধ্যমে নতুন নতুন ব্যবসা আপনারা চালু করতে পারবেন। আমরা সকল দল যেমন ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য আন্দোলন সংগ্রাম করেছি ঠিক তেমনি মানুষের আকাঙ্খা পূরণে সমানভাবে কাজ করবো।
অনুষ্ঠানে হোসিয়ারী এসোসিয়েশনের পরিচালক আব্দুস সবুর খান সেন্টুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, বিসিবি এর পরিচালক মাসুদুজ্জামান মাসুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, ফতেহ মোঃ রেজা রিপন, বিএনপি নেতা আওলাদ হোসেন, বন্দর উপজেলা সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমেদ, মহানগরের আমীর মাওলানা আব্দুল জব্বার, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, চেম্বারের পরিচালক হানিফ সরদার, গণসংহতি আন্দোলনের অঞ্জন দাস প্রমুখ নেতৃবৃন্দ।






