নারায়ণগঞ্জ । মঙ্গলবার
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজমেরী ওসমানের অনুসারীদের মিছিলে এনসিপি নেতাকর্মীদের ধাওয়া

নারায়ণগঞ্জের সদর উপজেলায় আজমেরী ওসমানের অনুসারীদের একটি মিছিলে ধাওয়া দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

সোমবার (১ জুন) ভোরে উপজেলার গোগনগর ইউনিয়নের ফকিরবাড়ি মাদ্রাসা এলাকায় মিছিলটি বের করা হয়।

ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডেওতে দেখা যায়, এনসিপি নেতাকর্মীদের ধাওয়ার মুখে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে ২০ থেকে ৩০ জনের একটি দল ফকিরবাড়ি মাদ্রাসা-সংলগ্ন সড়কে মিছিল বের করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে এলাকার ভেতরের সড়ক প্রদক্ষিণ করছিলেন। ঘটনাস্থলের কাছাকাছি ইজিবাইকে অবস্থান করছিলেন এনসিপির কয়েকজন নেতাকর্মী। তারা মিছিলটি দেখতে পেয়ে এগিয়ে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

এ বিষয়ে এনসিপির মহানগর কমিটির আহ্বায়ক শওকত আলী এশিয়া পোস্টকে জানান, তাদের কয়েকজন নেতাকর্মী মিছিলটি দেখে এগিয়ে গিয়ে ধাওয়া দেন। মিছিলটি নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থনে হয়েছিল। ব্যানার ও পরিচয় দেখে জানতে পারি, তারা প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের অনুসারী যুবলীগের কর্মী।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, ঘটনাটি পুলিশের জানা নেই। মিছিল বা ধাওয়ার বিষয়ে কেউ থানায় জানায়নি। খোঁজখবর নিয়ে খতিয়ে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >