নারায়ণগঞ্জ । শুক্রবার
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই-তিন সপ্তাহ মাঠের বাইরে নেইমার, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরুর আগেই বড় দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিল। ডান পায়ের পেশির চোটে আপাতত অনুশীলনের বাইরে চলে গেছেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। তার এই ইনজুরি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও তৈরি করেছে অনিশ্চয়তা।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, নেইমারের মেডিকেল পরীক্ষাকে ঘিরে সর্বোচ্চ গোপনীয়তা বজায় রেখেছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ)। অনুশীলন ক্যাম্পের কাছের একটি ডায়াগনস্টিক সেন্টার সাধারণ মানুষের জন্য বন্ধ রেখে সেখানে তার ইমেজিং স্ক্যান করানো হয়।

প্রাথমিকভাবে সান্তোস চোটটিকে হালকা বলে উল্লেখ করলেও পরবর্তী পরীক্ষায় ধরা পড়েছে গ্রেড-টু মাত্রার পেশির ইনজুরি। ফলে আপাতত অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ থেকে দূরে থাকতে হবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। এমনকি ১৩ জুন মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম বিশ্বকাপ ম্যাচেও তার খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ২০ জুন হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে সেলেসাওরা।

জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, “নেইমারের সব ধরনের মেডিকেল পরীক্ষা করা হয়েছে। এমআরআই রিপোর্টে তার গ্রেড-টু পেশির চোট ধরা পড়েছে। চিকিৎসা চলছে এবং আশা করছি দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সে মাঠে ফেরার অনুমতি পাবে।”

এই সময়ের মধ্যে ব্রাজিল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ১ জুন পানামার বিপক্ষে এবং ৬ জুন মিসরের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিকে তোরসেদোরেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, কোচ কার্লো আনচেলত্তি সরাসরি নেইমারের সঙ্গে কথা বলেছেন। প্রয়োজন হলে কম গুরুত্বপূর্ণ ভূমিকাতেও দলে থাকতে রাজি হয়েছেন এই ফরোয়ার্ড। বিশ্বকাপের আগে তাকে দ্রুত সুস্থ করে তুলতে সান্তোসের মেডিকেল স্টাফ, ব্যক্তিগত ফিটনেস টিম ও ব্রাজিলের টেকনিক্যাল কমিটি যৌথভাবে বিশেষ পরিকল্পনায় কাজ করছে।

ফিফার নিয়ম অনুযায়ী, উদ্বোধনী ম্যাচের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত স্কোয়াডে ইনজুরিজনিত পরিবর্তন আনা যায়। তাই ৬ জুন মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচের পরই নেইমারকে বিশ্বকাপ দলে রাখা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে সিবিএফ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >