বিশ্বকাপের জন্য আনুষ্ঠানিকভাবে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে হবে সব দলকেই। তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রস্তুতিতে ভিন্ন পথ বেছে নিয়েছে। চূড়ান্ত দল ২৬ জনের হলেও বিশ্বকাপের আগে ৩২ ফুটবলারকে নিয়ে ক্যাম্প ও প্রীতি ম্যাচ খেলানোর পরিকল্পনা করছেন কোচ লিওনেল স্কালোনি।
এখন পর্যন্ত বড় বড় দল নিজেদের স্কোয়াড ঘোষণা করলেও আর্জেন্টিনা অপেক্ষা করছে শেষ সময় পর্যন্ত। বিশ্বকাপ স্কোয়াড জমা দেওয়ার নির্ধারিত দিনেই দল ঘোষণা করবে আলবিসেলেস্তেরা। তবে সেই ঘোষিত দলের বাইরেও বাড়তি কয়েকজন ফুটবলারকে সঙ্গে রাখা হবে।
মূলত কাতার বিশ্বকাপের অভিজ্ঞতা থেকেই এই সিদ্ধান্তে এসেছে আর্জেন্টিনা। ২০২২ বিশ্বকাপের আগে হোয়াকিন কোররেয়া ও নিকোলাস গনসালেস চোটে ছিটকে যাওয়ায় বিপাকে পড়তে হয়েছিল স্কালোনিকে। এবার যেন এমন পরিস্থিতিতে পড়তে না হয়, তাই আগেভাগেই বিকল্প প্রস্তুত রাখছে টিম ম্যানেজমেন্ট।
জানা গেছে, বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচের জন্য ৩২ সদস্যের দল ঘোষণা করা হবে। এই অতিরিক্ত ছয়জনের মধ্যে থাকতে পারেন সান্তিয়াগো বেলত্রান, হোয়াকিন ফ্রেইটাস, টমাস আরান্দা, সিমন এস্কোবার, ইগ্নাসিও ওভান্দো এবং নিকোলাস কাপালদো।
এছাড়া অগাস্টিন গিইয়েকেও দলে রাখার পরিকল্পনা আছে স্কালোনির। সম্প্রতি গঞ্জালো মন্টিয়েল ও নাহুয়েল মোলিনা চোটে পড়ায় তাদের সম্ভাব্য বিকল্প হিসেবেও ভাবা হচ্ছে তাকে।
ডি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেছেন, ‘অগাস্টিন গিইয়ে থাকবে, কাপালদোও থাকবে। তারা তরুণ এবং আমরা মনে করি, ভবিষ্যতে ২৬ জনের চূড়ান্ত দলেও জায়গা পাওয়ার সামর্থ্য তাদের আছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ভবিষ্যতের কথা মাথায় রেখেই এগোচ্ছি। দল ঘোষণার পর প্রথম ম্যাচের আগে যদি কোনো সমস্যা হয়, তাহলে যেন তারা এসে আমাদের সাহায্য করতে পারে।’
তবে বাড়তি যাদের রাখা হবে, তাদের সবাই মূল বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়ার অবস্থায় নেই। কারণ হোয়াকিন ফ্রেইটাস, ইগ্নাসিও ওভান্দো ও সিমন এস্কোবার প্রাথমিক ৫৫ সদস্যের তালিকাতেই ছিলেন না।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হবে ফুটবল বিশ্বকাপ। তার আগে শনিবার কানসাসে নিজেদের বেইস ক্যাম্পে পৌঁছাবে আর্জেন্টিনা দল। সেদিনই ঘোষণা করা হবে বিশ্বচ্যাম্পিয়নদের চূড়ান্ত স্কোয়াড।
একদিন বিশ্রামের পর সোমবার থেকে অনুশীলন শুরু করবে লিওনেল মেসির দল। বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা বাংলাদেশ সময় ৭ জুন ভোরে হন্ডুরাস এবং ১০ জুন ভোরে আইসল্যান্ডের বিপক্ষে।
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ সময় ১৭ জুন ভোরে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান।







