ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক প্লাস দ্য লা রিপাবলিক চত্বরে ঈদুল আজহা উপলক্ষে অষ্টমবারের মতো বাংলাদেশি বাণিজ্য মেলার আয়োজন করেছে সামাজিক ও অভিবাসনবিষয়ক সংগঠন ‘সাফ’।
প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও ব্যবসায়িক সম্ভাবনাকে এক ছাতার নিচে তুলে ধরতে মঙ্গলবার (২৪ মে) আয়োজিত এ মেলাকে ঘিরে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
মেলার আয়োজক সংগঠন সাফের সভাপতি এন কে নয়ন জানান, এবারের মেলায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির সমাগম প্রত্যাশা করা হচ্ছে। তিনি বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি, খাবার ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য।
আয়োজকদের মতে, প্রতি বছরের মতো এবারও মেলাটি শুধু কেনাবেচার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি হবে প্রবাসে বাংলাদেশি কমিউনিটির এক মিলনমেলা, যেখানে সংস্কৃতি, সম্প্রীতি ও ঐতিহ্যের অনন্য আবহ তৈরি হবে।
তিনি আরও জানান, মেলায় বাংলাদেশি নানা মুখরোচক খাবার, দেশীয় পোশাক, হস্তশিল্প ও বিভিন্ন পণ্যের শতাধিক স্টল অংশ নিচ্ছে। এছাড়া দর্শনার্থীদের বিনোদনের জন্য রাখা হয়েছে দেশীয় বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন। শিশু থেকে শুরু করে সব বয়সী দর্শনার্থীদের জন্য থাকছে নানা আকর্ষণ।
ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী, সামাজিক সংগঠক ও সংস্কৃতিপ্রেমীরা মনে করছেন, এ ধরনের আয়োজন প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি করতেও সহায়তা করছে।







