নারায়ণগঞ্জ । সোমবার
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে কোরবানির হাট ও মহাসড়কে কঠোর নজরদারিতে র‍্যাব

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাট, মহাসড়ক ও নগর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে থাকার ঘোষণা দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। ঈদকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে টহল, গোয়েন্দা নজরদারি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

রবিবার (২৪ মে) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম টেক্সটাইলসহ কয়েকটি অস্থায়ী কোরবানির পশুর হাট পরিদর্শনকালে এসব কথা বলেন র‍্যাব-১১ এর কম্পানি কমান্ডার সিপিসি-১-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ।

আব্দুর রশিদ বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে মানুষের চলাচল, পশু পরিবহন ও কেনাবেচার সময় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে র‍্যাবের টহল টিম সার্বক্ষণিক মাঠে কাজ করছে। মহাসড়ক, সড়কপথ ও নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।

ভিজিডির চাল আত্মসাতের দায়ে ইউপি চেয়ারম্যানের ১৩ বছরের কারাদণ্ড

আব্দুর রশিদ আরো বলেন, সাদা পোশাকে র‍্যাবের গোয়েন্দা সদস্যরা বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছেন এবং সার্বক্ষণিক তথ্য সংগ্রহ করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া যেকোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনার জন্য বিশেষ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

তিনি জানান, ঈদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জবাসী যাতে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে ঈদের আগের সময়ের পাশাপাশি ঈদের পরবর্তী সময়েও র‍্যাবের টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, নারায়ণগঞ্জের মানুষকে শান্তিপূর্ণ ঈদ উপহার দিতে র‍্যাব-১১-এর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >