নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ মে) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ১নং ওয়ার্ডের শিমরাইল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দশতলা ভবনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন— রিফাত হোসেন রতন (৩২) ও মোঃ সাজ্জাদুর রহমান (২৭)। এ সময় তাদের হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদক জব্দ তালিকাভুক্ত করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।








