নারায়ণগঞ্জ । রবিবার
২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক মাসের মধ্যেই হবে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার ।

তারেক রহমান বলেছেন, ঢাকার মিরপুরে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি আগামী এক মাসের মধ্যেই নিশ্চিত করা হবে। তিনি জানান, সরকার নারী ও শিশু নির্যাতনের ঘটনায় কোনো ধরনের ছাড় দেবে না।

শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “ফ্যাসিবাদী শাসনের সময়ে দেশের মানবিক ও সামাজিক মূল্যবোধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মিরপুরে নিষ্পাপ শিশু রামিসার নির্মম মৃত্যু সেই অবক্ষয়েরই চূড়ান্ত উদাহরণ।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “শিশু ও নারী নির্যাতনের মতো ঘটনা বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড—ইনশাল্লাহ আগামী এক মাসের মধ্যেই নিশ্চিত করা হবে।”

তিনি আশা প্রকাশ করেন, এই দৃষ্টান্তমূলক শাস্তির ফলে ভবিষ্যতে কেউ শিশু বা নারীর ওপর এমন নির্যাতনের সাহস পাবে না।

আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, নিরাপদ ও মানবিক রাষ্ট্র গঠনে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের পাশাপাশি ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ পুনরুজ্জীবিত করতে হবে। এ ক্ষেত্রে কবি নজরুলের জীবন ও আদর্শ বিশেষভাবে প্রাসঙ্গিক বলেও উল্লেখ করেন তিনি।

ত্রিশালের দরিরামপুরে নজরুল একাডেমি মাঠে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে তিন দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিতাই রায় চৌধুরী। উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, কবিপৌত্রী খিলখিল কাজীসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >