নারায়ণগঞ্জ । রবিবার
২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগ, গণপিটুনিতে অভিযুক্ত আইসিইউতে; আরেকজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। মুমূর্ষু অবস্থায় অভিযুক্ত যুবক হাসপাতালের আইসিইউতে আছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২২ মে) রাতে বক্তাবলী ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

তিনি বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শনিবার সকালে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। মামলায় আহত যুবক ছাড়াও আরেকজনকে আসামি করা হয়েছে।

অভিযুক্তরা হলেন: বক্তাবলীর ওই গ্রামের মনির হোসেনের ছেলে হিরো (২২) এবং জামাল পাটোয়ারীর ছেলে সোহেল (২১)।

পুলিশ কর্মকর্তা তারেক বলেন, শুক্রবার বিকেলে ধর্ষণের ঘটনাটি ঘটে বলে ভুক্তভোগী পরিবারের দাবি। বিষয়টি রাতে জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত যুবক হিরোকে আটক করে গণপিটুনি দেয়। পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।

শনিবার বেলা সাড়ে এগারোটায় এ পুলিশ কর্মকর্তা বলেন, অভিযুক্ত ওই যুবক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছে। অন্যদিকে ভুক্তভোগী শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শিশুটির মা সাবানা জানান, অভিযুক্ত সোহেল তার উকিল ভাই এবং হিরো তার জেঠাতো ভাই এর ছেলে। তারা উভয়ে মিলে শিশুটিকে ২০ টাকার লোভ দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর বিষয়টি কাউকে না বলার জন্য শিশুটিকে ভয় দেখায় তারা । এসময় সোহেল শিশুটির মুখ চেপে ধরে, এবং হিরো তার গলা চেপে ধরে। হিরোর সাথে আমাদের ঝগড়া ছিলো,এরা মাদক ব্যবসায়ী। তারা গাজা বিক্রি করে। এর আগেও হিরোওকে ২ কেজী গাজা সহ গ্রেপ্তার করেছিলো পুলিশ সে জেলও খেটেছে।

এর আগে শুক্রবার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ।

এদিকে, শনিবার সকালে ফতুল্লা মডেল থানায় ভুক্তভোগী শিশু ও তার পরিবারের সঙ্গে দেখা করেছেন জেলা প্রশাসক রায়হান কবির।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >