নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে সাংবাদিকের অফিসে হামলা-লুটপাটের অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদক ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এস এম শাহিন আহমেদের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জড়িত হিসেবে চিহ্নিত মাদক ব্যবসায়ী সাগর ও তার সহযোগীদের অভিযুক্ত করেছেন ‍ভুক্তভোগী সাংবাদিক।

বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর উপজেলার ২০ নম্বর ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকায় সাংবাদিক শাহিনের নিজস্ব কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

হামলাকারীরা কার্যালয়ে ভাঙচুর চালিয়ে কম্পিউটার, সিসিটিভি ক্যামেরার ডিভিআর ও নগদ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী এস এম শাহিন আহমেদ সিএমএন বাংলা টেলিভিশন’র প্রতিনিধি, দৈনিক সচেতন’র জ্যেষ্ঠ প্রতিবেদক এবং বন্দর মডেল প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

থানায় দেওয়া লিখিত অভিযোগে বলা হয়, ফরাজিকান্দা এলাকার চিহ্নিত মাদক কারবারি সাগর ও তার তৃতীয় স্ত্রী বিউটির নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি হঠাৎ করে কার্যালয়ে প্রবেশ করে। তারা ধারালো অস্ত্র নিয়ে সাংবাদিক শাহিনের ওপর হামলার চেষ্টা চালায় এবং অফিসের আসবাবপত্র ভাঙচুর করে।

এ সময় হামলাকারীরা অফিসে থাকা একটি ল্যাপটপ, সিসিটিভি ক্যামেরার ডিভিআর ও ড্রয়ারে থাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়। পাশাপাশি সাংবাদিক শাহিনকে মিথ্যা মামলায় ফাঁসানো ও সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয় বলে জানান তিনি।

স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় তাদের ব্যবহৃত জুতো ঘটনাস্থলে পড়ে থাকে বলে জানা গেছে।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত সাগরের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। মাদক ব্যবসা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশের কারণে দীর্ঘদিন ধরে তিনি হুমকি ও হয়রানির শিকার হয়ে আসছিলেন বলেও অভিযোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >