ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার ২২ দিন পর পুলিশ সদস্য রাকিবুল হাসান সরকারকে (৩২) উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করেন।
ওসি ফজলে আশিক জানান, প্রায় এক মাস নিখোঁজ থাকার পর রাকিবুলকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি রয়েছেন।
এতদিন তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
গত ২৮ এপ্রিল বিকেলে কলাবাগান থানার ব্যারাক থেকে বের হয়ে নিখোঁজ হন এসআই রাকিবুল হাসান সরকার। পরদিন গুলিস্তানের একটি ব্যাংক বুথ থেকে তার অ্যাকাউন্ট থেকে ৫ হাজার টাকা তোলা হয়। ওইদিন কিছু সময়ের জন্য তার মোবাইল ফোনও সক্রিয় ছিল। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।







