নারায়ণগঞ্জ জেলায় সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন মোট ৫৫ জন প্রার্থী।
সোমবার (১৮ মে) নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স ড্রিলশেডে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ও ট্রাফিক-উত্তর), ঢাকা জেলা আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, গোপালপুর সার্কেল, টাঙ্গাইল ফৌজিয়া হাবিব খান এবং নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার ও অতিরিক্ত পুলিশ সুপার, ‘ক’ সার্কেল হাসিনুজ্জামানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা সম্পূর্ণ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নিজ মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে নির্বাচিত হতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকেই আনন্দে অশ্রুসিক্ত হন এবং সহপ্রার্থীদের সঙ্গে কোলাকুলি করে উচ্ছ্বাস প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল সকাল ৮টা থেকে নারায়ণগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম শুরু হয়। বিভিন্ন ধাপের যাচাই-বাছাই শেষে ৯ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০টায় লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলে এতে ৬৮ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে উত্তীর্ণ প্রার্থীরা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। সবশেষে মেধা, যোগ্যতা ও সামগ্রিক দক্ষতার ভিত্তিতে ৫৫ জন নারী-পুরুষ প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বাংলাদেশ পুলিশে তাদের স্বাগত জানান। তিনি নবনিযুক্ত সদস্যদের সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।







