নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে শহরের মিশনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর দিক-নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: সাজেদুর রহমান এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ সদর থানাধীন ২৯ নম্বর মিশনপাড়াস্থ মরহুম হাজী আব্দুল জলিলের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এসময় মোঃ শুক্কর (২১) নামে এক যুবককে আটক করা হয়।
গ্রেফতারকৃত শুক্করের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার শেওরিয়া মন্ডলপাড়া এলাকায় হলেও বর্তমানে তিনি নারায়ণগঞ্জ শহরের ১১ নম্বর মিশনপাড়ায় বসবাস করছিলেন।
পুলিশ তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, যার আনুমানিক ওজন ৩ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।






