নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জল্লারপাড় পুলিশের অভিযান: ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ২

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে সুইচ গিয়ার, বিদ্যুতের শক দেওয়ার যন্ত্র এবং লোহার রড উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) ভোরে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন জল্লারপাড় ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জল্লারপাড় ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেফতার করা হয় মোঃ মাসুদ সরকার ওরফে রানা ওরফে কালা খান (২৬) ও হাছান আহম্মেদ জিসান (২৪) নামে দুইজনকে। এসময় তাদের হেফাজত থেকে ২টি সুইচ গিয়ার, ১টি বিদ্যুতের শক দেওয়ার যন্ত্র এবং বিভিন্ন সাইজের ৪টি লোহার রড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাসুদ সরকারের স্থায়ী বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার বাকলা এলাকায় হলেও বর্তমানে তিনি নারায়ণগঞ্জ সদরের বাবুরাইল এলাকায় ভাড়া থাকতেন। অপরদিকে হাছান আহম্মেদ জিসানের বাড়ি নারায়ণগঞ্জ সদরের টানবাজার এলাকায়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মাসুদ সরকার ওরফে কালা খানের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ জেলায় চুরি, দস্যুতা ও মাদক সংক্রান্ত মোট ৯টি মামলা বিচারাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >