নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহা সামনে রেখে নাসিকে ২২ পশুর হাটের ইজারা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) আওতাধীন এলাকায় ২২টি অস্থায়ী পশুর হাটের ইজারা কার্যক্রম সম্পন্ন করেছে প্রশাসন। বুধবার (১৩ মে) বিকেল ৪টায় নগর ভবনের সভাকক্ষে দরপত্র উন্মুক্ত করেন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান।

এর আগে দরপত্র যাচাই-বাছাইয়ের জন্য নাসিকের পক্ষ থেকে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটি জমা পড়া দরপত্র মূল্যায়ন শেষে প্রতিটি হাটের সর্বোচ্চ দরদাতার নাম ঘোষণা করে।

নাসিক সূত্রে জানা যায়, সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে খালি মাঠ ও উন্মুক্ত স্থানে এসব অস্থায়ী পশুর হাট বসানো হবে। হাটগুলোতে ঈদের আগের তিনদিন পশু উঠিয়ে ক্রয়-বিক্রয়ের সুযোগ পাবেন ইজারাদাররা।

যেসব স্থানে হাট বসবে তার মধ্যে রয়েছে— সানারপাড়, মৌচাক মাদানী নগর, টাইগার ওয়্যার রি-রোলিং মিল মাঠ, বটতলা, এসও রোড টার্মিনাল এলাকা, নাভানা সিটি মাঠ, গোদনাইল, জালকুড়ি, চিত্তরঞ্জন খেলার মাঠ, ডিয়ারার মাঠ, শীতলক্ষ্যা ব্রিজ সংলগ্ন এলাকা, সোনাকান্দা, ফরাজীকান্দা, কদমরসুল, নবীগঞ্জ, উত্তর লক্ষ্মণখোলা ও মুরাদপুরসহ বিভিন্ন স্থান।

দরপত্র উন্মুক্তকরণ অনুষ্ঠানে প্রশাসক সাখাওয়াত হোসেন খান কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, পশুর হাটে কোনো ধরনের বিশৃঙ্খলা, চাঁদাবাজি বা নিয়মের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট ইজারা বাতিল করা হবে। এছাড়া কোথাও অপ্রীতিকর ঘটনা বা গণ্ডগোল সৃষ্টি হলে প্রয়োজন হলে সেই হাট উচ্ছেদেও প্রশাসন পিছপা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >