নারায়ণগঞ্জ পুলিশের দুই অতিরিক্ত পুলিশ সুপারের কৃতিত্বে গর্বিত জেলা পুলিশ। অসাধারণ পেশাদারিত্ব, ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় তারা অর্জন করেছেন বাংলাদেশ পুলিশের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ”।
পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এর পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়। এ বছর নারায়ণগঞ্জ জেলা থেকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব তারেক আল মেহেদী এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জনাব মোঃ হাসিনুজ্জামান তাদের সফল ও প্রশংসনীয় কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এই ব্যাজে ভূষিত হন।
গতকাল ১২ মে ২০২৬ খ্রিস্টাব্দে রাজধানীর রাজারবাগে অবস্থিত মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে মাননীয় আইজিপি জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয় তাদের বুকে এই সম্মাননার ব্যাজ পরিয়ে দেন।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের প্রায় দুই লক্ষ বিশ হাজার সদস্যের মধ্যে মাত্র ৩৪১ জন পুলিশ সদস্য এ বছর আইজিপি ব্যাজ অর্জনের গৌরব লাভ করেছেন। সেই তালিকায় নারায়ণগঞ্জ জেলার দুই কর্মকর্তার অন্তর্ভুক্তি জেলা পুলিশের জন্য এক অনন্য সম্মান ও গর্বের বিষয় হয়ে উঠেছে।






