নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তবে কি ব্যর্থ নাসিক প্রশাসক ?
নারায়ণগঞ্জে বদলের আশ্বাস, দুই মাস পরও মিলেনি বাস্তবতার ছোঁয়া

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর নগরবাসীকে স্বস্তির শহরের স্বপ্ন দেখিয়েছিলেন এডভোকেট সাখাওয়াত হোসেন খান। হকারমুক্ত ফুটপাত, যানজট নিয়ন্ত্রণ, অবৈধ অটোরিকশা শৃঙ্খলায় আনা, মশক নিধন এবং ভাঙাচোরা সড়ক সংস্কারে ৫০ থেকে ৬০ দিনের মধ্যেই দৃশ্যমান পরিবর্তনের আশ্বাস দিয়েছিলেন তিনি। কিন্তু দুই মাস পার হলেও নগরবাসীর প্রশ্ন— কোথায় সেই পরিবর্তন?

দায়িত্ব গ্রহণের পর গত ২৬ ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে প্রশাসক বলেছিলেন, নারায়ণগঞ্জকে পরিকল্পিত শহরে রূপ দিতে স্বল্পমেয়াদি কর্মপরিকল্পনা হাতে নেওয়া হবে। বিশেষ করে যানজট, ফুটপাত দখল ও অব্যবস্থাপনা দূর করতে “বিশেষ কর্মসূচি” বাস্তবায়নের কথাও জানিয়েছিলেন তিনি।

তখন তিনি বলেছিলেন, ছোট শহর হয়েও নারায়ণগঞ্জে যানজটের মাত্রা ভয়াবহ। কখনও কখনও ঢাকার চেয়েও বেশি ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। সেই বক্তব্যে আশার আলো দেখেছিলেন সাধারণ মানুষ। কিন্তু বাস্তব চিত্র এখনো প্রায় অপরিবর্তিত।

চাষাঢ়া, বঙ্গবন্ধু সড়ক, খানপুর, দুই নম্বর রেলগেট ও কালিরবাজারসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ যানজট লেগেই থাকছে। সড়কে বিশৃঙ্খল অটোরিকশা চলাচল ও যত্রতত্র স্ট্যান্ড গড়ে ওঠায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

অটোরিকশা নিয়ন্ত্রণে রিকশা কার্ড ও চালকদের আইডি কার্ড চালুর ঘোষণাও দিয়েছিলেন প্রশাসক। তবে দুই মাসেও সেই উদ্যোগের দৃশ্যমান অগ্রগতি না থাকায় নগরবাসীর মধ্যে হতাশা বাড়ছে।

অন্যদিকে সবচেয়ে আলোচিত ইস্যু ছিল বঙ্গবন্ধু সড়কের হকার উচ্ছেদ অভিযান। গত ১৩ এপ্রিল অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাত থেকে হকারদের সরিয়ে দেওয়া হলেও সেই স্বস্তি ছিল সাময়িক। কয়েকদিনের ব্যবধানে আবারও ফুটপাত দখল করে বসতে শুরু করেন হকাররা।

সরেজমিনে দেখা গেছে, উচ্ছেদ অভিযান এখন অনেকটাই “চোর-পুলিশ” খেলায় পরিণত হয়েছে। অভিযান চলাকালে কিছু সময়ের জন্য সড়ক ফাঁকা থাকলেও পরে আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে পুরো এলাকা। ফলে স্থায়ী সমাধান নিয়ে প্রশ্ন তুলছেন নগরবাসী।

হকারদের পুনর্বাসনের বিষয়েও আশ্বাস দিয়েছিলেন প্রশাসক। হকার্স মার্কেটে পুনর্বাসনের পরিকল্পনার কথা বলা হলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সুস্পষ্ট রূপরেখা প্রকাশ করা হয়নি। ফলে অনিশ্চয়তায় রয়েছেন হকাররাও।

এদিকে উচ্ছেদ অভিযান ঘিরে কয়েক দফা উত্তেজনাও তৈরি হয়েছে। হকারদের বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার পাশাপাশি সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটে। এ ঘটনায় থানায় ১০ জনের নাম উল্লেখ করে ১৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, শুধু ঘোষণা দিয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধান সম্ভব নয়। প্রয়োজন কার্যকর পরিকল্পনা, রাজনৈতিক সমন্বয় এবং ধারাবাহিক মাঠপর্যায়ের অভিযান।

সবমিলিয়ে দায়িত্ব গ্রহণের ৬০ দিন পার হলেও নারায়ণগঞ্জের যানজট, হকার ও অটোরিকশা সমস্যার দৃশ্যমান সমাধান না হওয়ায় প্রশাসক সাখাওয়াত হোসেন খানের নানা প্রতিশ্রুতি এখন সমালোচনার মুখে পড়েছে।

নগরবাসীর প্রশ্ন— ঘোষণার শহর কি বাস্তবেই বদলাবে, নাকি সবই থাকবে কাগজে-কলমে?

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >