নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরফকল মাঠে গরুর হাট না বসাতে জেলা প্রশাসকের কাছে শাপলা ক্রীড়া সংসদের স্মারকলিপি

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বরফকল খেলার মাঠে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরুর হাট ইজারা না দেওয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসক মো:রায়হান কবির এর কাছে স্মারকলিপি দিয়েছে শাপলা ক্রীড়া সংসদ।

শুক্রবার, ১০ এপ্রিল এলাকাবাসীর পক্ষে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এই স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে বলা হয়, বৃহত্তর খানপুর, নগর খানপুর, তল্লা, হাজীগঞ্জ, এম সার্কেস ও পানির কল এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে বরফকল মাঠে খেলাধুলা করে আসছে। শাপলা ক্রীড়া সংসদ, মহসীন ক্লাব, পোলস্টার ক্লাব, ডায়মন্ড ক্লাব ও সমাজ উন্নয়ন পরিষদসহ এলাকার বিভিন্ন ক্লাব এখানে নিয়মিত অনুশীলন করে।

এই মাঠ থেকে সম্রাট হোসেন এ্যমিলি, স্বপন, চন্দন, নজরুল, সুজন, তপু, রিয়াজ, শাহাজাদা, হীরাসহ অনেক জাতীয় পর্যায়ের ফুটবলার তৈরি হয়েছে। বর্তমানেও জুনিয়র পর্যায়ের খেলোয়াড়রা এখানে অনুশীলন করে থাকে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে শিশু-কিশোরদের আউটডোর অ্যাক্টিভিটি আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে। মোবাইলসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইসে আসক্তির কারণে তাদের মানসিক ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় মাঠে গরুর হাট বসানো হলে মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়বে।

গোবর, আবর্জনা ও বর্জ্যের কারণে মাঠের স্বাভাবিক পরিবেশ নষ্ট হবে এবং বিভিন্ন ভাইরাসজনিত রোগে শিশু-কিশোররা আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়বে।

এলাকাবাসীর পক্ষে শাপলা ক্রীড়া সংসদের নেতৃবৃন্দ বলেন, “শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ এবং খেলাধুলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে বরফকল খেলার মাঠটিকে গরুর হাট হিসেবে ইজারা না দেওয়ার জন্য জেলা প্রশাসকের সদয় দৃষ্টি কামনা করছি।”

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >