নারায়ণগঞ্জ । শুক্রবার
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ৩৫০ মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) পাওয়ার প্লান্টের সাবস্টেশনে অগ্নিকাণ্ড ঘটেছে।

শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ৩০০ এমভিএ ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমারে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, বিকেলের দিকে হঠাৎ করেই সাবস্টেশনের ভেতর থেকে বিকট শব্দ শোনা যায়। এরপর ট্রান্সফরমারের দিক থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই ট্রান্সফরমারের একটি অংশে আগুন ছড়িয়ে পড়ে। পরে বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সদস্যদের চেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের দুর্ঘটনা ও সম্ভাব্য বিস্ফোরণের ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঘটনার পর বিদ্যুৎকেন্দ্র ও গ্রিড উপকেন্দ্র এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আদমজী স্টেশন মাস্টার মিরন মিয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ট্রান্সফরমারে প্রায় এক লাখ লিটার তেল মজুত ছিল। দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রায় ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার রক্ষা করা সম্ভব হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >