নারায়ণগঞ্জ । বুধবার
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের জলাবদ্ধতায় দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম শহরের সাম্প্রতিক অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (২৯ এপ্রিল) সংসদ অধিবেশনে তিনি এই দুঃখ প্রকাশ করেন।

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের জলাবদ্ধতা নিরসনের আহ্বান জানানোর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তার বক্তব্যে এক পর্যায়ে দুঃখ প্রকাশ করেন। এ সময় তারেক রহমান বলেন, গতকাল থেকে সংবাদমাধ্যমে আমিও দেখেছি অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম শহরের একটি বড় অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এটি শুধু চট্টগ্রামেরই নয়, সারাদেশের ঘটনা। এই জলাবদ্ধতা দূরীকরণে একজন রাজনৈতিক বিশেষজ্ঞ ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি যে খাল খনন করেছিলেন সেই খাল খননের মাধ্যমেই এই জলাবদ্ধতা দূরীকরণ করা যাবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা সেই পদক্ষেপই গ্রহণ করেছি। দেশজুড়ে খাল খনন কর্মসূচি পরিচালনা হচ্ছে। ঢাকায় যে সকল লেক ও ড্রেনেজ সিস্টেম রয়েছে সেগুলোও পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি। জনগণকে সচেতন করতে হবে আমাদের সবাইকে। প্লাস্টিক, পলিথিন দিয়ে যেন নালাগুলো বন্ধ হয়ে না যায় এ বিষয়ে জনগণকে সচেতন করার জন্য সংসদ সদস্যদের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

একইসঙ্গে প্রধানমন্ত্রী চট্টগ্রাম শহরে বসবাসকারী নাগরিকদের কাছে দুঃখ প্রকাশ করেন। জলাবদ্ধতা দ্রুত নিরসনে খাল খনন ও ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >