বন্দর প্রতিনিধি:বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘারমোড়া এলাকায় জনস্বাস্থ্যের চরম অবনতি ঘটেছে| স্থানীয় কবরস্থান, ঈদগাহ, বিশ্বনবী ইসলামিয়া আলিম মাদরাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার ঢালে স্তূপ করে রাখা ময়লা-আবর্জনা এবং পাশের পুকুরে কচুরিপানার ঘন আবরণে এলাকাটি এখন মশার নিরাপদ প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে|
সরেজমিনে দেখা যায়, গুরুত্বপূর্ণ এই সড়কের পাশে যত্রতত্র ফেলা হচ্ছে গৃহস্থালি ও বাজারের বর্জ্য| পচা আবর্জনার তীব্র দুর্গন্ধে ওই পথ দিয়ে চলাচল করা দায় হয়ে পড়েছে| বিশেষ করে মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন নাকে রুমাল দিয়ে এই পথ অতিক্রম করতে বাধ্য হচ্ছে| এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে ময়লা জমতে থাকলেও তা অপসারণে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না|
রাস্তার পাশের পুকুরটি এখন আর চেনার উপায় নেই| পুরো পুকুর কচুরিপানা ও আগাছায় সয়লাব হয়ে আছে| পচা পানি আর ঝোপঝাড়ের কারণে সেখানে এডিসসহ নানা প্রজাতির মশার উপদ্রব ভয়াবহ রূপ নিয়েছে| এরই মধ্যে স্থানীয় স্কুল ও মাদরাসার বেশ কয়েকজন শিক্ষার্থী ডেঙ্গুসহ বিভিন্ন চর্মরোগ ও পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে|
“আমরা শিশুদের স্কুলে পাঠিয়ে আতঙ্কে থাকি| একদিকে ময়লার দুর্গন্ধ, অন্যদিকে মশার কামড়| এভাবে চলতে থাকলে এখানে বড় ধরনের ¯^াস্থ্য বিপর্যয় ঘটতে পারে|” — আক্ষেপ করে বলেন স্থানীয় এক অভিভাবক|
শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানের পাশে এমন অস্বাস্থ্যকর পরিবেশ কোনোভাবেই কাম্য নয় বলে মনে করছেন সচেতন মহল| বর্তমান পরিস্থিতিতে এলাকাবাসী ও শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিচের দাবিগুলো জানিয়েছেন:
রাস্তার ঢাল থেকে দ্রুত ময়লা-আবর্জনা অপসারণ করা| পুকুরের কচুরিপানা ও আগাছা পরিষ্কার করে পানি চলাচলের। দূরব্যবস্থা করা| মশা নিধনে নিয়মিত অ্যান্টি-ম্যালেরিয়া স্প্রে বা ফগিং করা|
পরিবেশ রক্ষায় এবং শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ঘারমোড়াবাসী|





